কুমিল্লার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাশিনগর ডিগ্রি কলেজ ““উদ্দীপন” নামে একটি কলেজ বার্ষিকী প্রকাশ করছে জেনে আমি আনন্দিত । আকাশ সংস্কৃতির দুর্দান্ত পোশাকী প্রতাপে আমাদের কৃষ্টি সংস্কৃতি ও সৃজনশীল মেধামনন আজ প্রায় অবরুদ্ধ। আমাদের ভবিষ্যৎ কর্ণদ্বার তরুণ প্রজন্মের বিচরণ ও বিনোদনের প্রধান ক্ষেত্র আজ মোবাইল ফোন, ইন্টারনেট এবং সেটেলাইট চ্যানেল। সৃষ্টিশীল সাহিত্য-সংস্কৃতি চর্চার এ দুর্ভিক্ষকালে এটি একটি নিঃসন্দেহে মহতী উদ্যোগ । কেবল পাঠ্য পুস্তক ভিত্তিক সিলেবাস পড়ে কোন শিক্ষার্থী পরিপূর্ণ জ্ঞানার্জন করতে পারে না ।
এ জন্যই শিক্ষার্থীদের জ্ঞান বিকাশের নানা শাখায় বিচরণ করা জরুরি। শিল্প সাহিত্য, দর্শন, বিজ্ঞান সকল মানবিক জ্ঞান অর্জনের মধ্য দিয়ে শিক্ষার মূল উদ্দেশ্য সম্পন্ন হয়। দুঃখজনক হলেও সত্য, আজ জ্ঞান বিকাশের ক্ষেত্রগুলো ক্রমশঃ সংকুচিত হয়ে আসছে । এ কলেজ বার্ষিকী তরুণ শিক্ষার্থীদের সৃজনশীল শিল্পচর্চার ক্ষেত্রকে প্রসারিত করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। যাঁদের অক্লান্ত শ্রম, মেধা আর নিবিষ্ট সহযোগিতায় এ প্রকাশনা সম্ভব হয়েছে তাদের সকলরে আন্তরিক অভিনন্দন।